শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
আদর্শিক নেতৃত্বে ফিরছে শিবির, বাঙলা কলেজে নতুন অধ্যায়!
অনলাইন ডেস্ক
সরকারি বাঙলা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষাণ্মাসিক) জন্য গঠন করা হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার (১৫ জুলাই) এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বলে জানায় গণমাধ্যম।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র আবির মাহমুদ সোহাগ। তার সঙ্গে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান সাকিব।
আবির মাহমুদ সোহাগ দীর্ঘদিন ধরে শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। অপরদিকে, সাইফুর রহমান সাকিব কলেজ শাখার বিভিন্ন সাংগঠনিক স্তরে নেতৃত্ব দিয়ে দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ রেখেছেন।
নতুন নেতৃত্ব এক যৌথ বার্তায় জানান, আমরা আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আদর্শিক ছাত্ররাজনীতি চর্চা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গঠনে অঙ্গীকারবদ্ধ। সকলের সহায়তায় আমরা এগিয়ে যেতে চাই।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কলেজ শাখার সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ। তারা নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগঠনের গতিশীলতা, শৃঙ্খলা এবং কার্যকারিতা বৃদ্ধিতে সার্বিক সহায়তার আশ্বাস দেন।