শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
প্রকাশ্যে খুন, ছাত্রদলের গর্জনে কেঁপে উঠল রাজপথ!
অনলাইন ডেস্ক
রাজধানীর চকবাজারে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি কাঁঠালতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাব বাজার মোড় ঘুরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উত্তাল ছিল ‘নিরাপত্তা চাই’, ‘হত্যার বিচার চাই’ স্লোগানে।
সমাবেশে বক্তারা বলেন, “চকবাজারের মতো জনবহুল এলাকায় প্রকাশ্যে একজন নিরীহ ব্যবসায়ীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। এটি শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার নগ্ন প্রকাশ।”
তারা আরও বলেন, “এই হত্যার ন্যায়বিচার না হলে জনমনে আতঙ্ক ও অবিশ্বাস আরও বাড়বে। রাষ্ট্র যদি নাগরিকের প্রাণ রক্ষা করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার।”