শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নয় মাসে দেড়শ খুন! জাবি কাঁপছে প্রতিবাদের গর্জনে!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
চাঁদার দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় যুবদল নেতা-কর্মী কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং সারাদেশে অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র হল এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ‘যেই হাত চাঁদ তুলে, সেই হাত ভেঙ্গে দাও’,
‘যুবদল খুন করে, তারেক রহমান কি করে’, ‘বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন’, ‘চাঁদা তুলে পল্টনে, চলে যায় লন্ডনে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর বলেন, আমরা জুলুম, খুন, ধর্ষণ, টাকা পাচার, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি৷ যারা আওয়ামীলীগের মতো পুরাতন বন্দোবস্ত চালু করতে চায়, আবার চাঁদাবাজি, খুন, ধর্ষণ করছে তাদেরও একই পরিণতি হবে৷ আমরা চাঁদাবাজদের বলতে চাই, আপনারা চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করুন, আমরা আপনাদের ভিক্ষা দেব। আপনারা যদি খুন, ধর্ষণ, হত্যা বন্ধ করতে না পারেন তাহলে দেশের জনগণ আপনাদের রুখে দেবে।
বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে আমরা যে নৃশংসতা দেখেছি, এর পরে আমাদের সামনে দুইটি পথ খোলা আছে। একটি হচ্ছে গোলামির পথ, যেখানে আমাদের এই দখলদার, চাঁদাবাজদের গোলামি করতে হবে। আর দ্বিতীয় পথ হচ্ছে এদের বিরুদ্ধে রাজপথে নেমে আবার সংগ্রাম করে এদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এখন আমাদের ঠিক করতে হবে আমরা কি গোলামি বেছে নেব, নাকি সংগ্রামের পথ বেছে নেব।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আওয়ামী শাসনের পতনের পর এক সুশীল সমাজের আবির্ভাব ঘটেছে যারা জুলাইকে ‘মব’ বলে আখ্যা দিতে চায়। কিন্তু একটি মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেখানে তাদের বক্তব্য নেই! বিএনপি যদি এই খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে যদি শক্ত পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো সেই দিন বেশি দূরে নয়। আমরা লীগকে যেই পথে পাঠিয়েছি তাদেরকেও একই পথে যেতে হবে। আমরা এই নতুন বাংলাদেশে কোন বিভেদ চাই না, একটি সুন্দর দেশ গড়তে চাই।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের হত্যাকাণ্ড ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।