শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে গেছেন। তাঁর পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান এবং কিছু সময়ের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে যান। তাদের মধ্যে নারায়ণগঞ্জের প্রাক্তন সংসদ সদস্য শামীম ওসমানও রয়েছেন। তিনি দেশ ত্যাগ করেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, শামীম ওসমান ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে অবস্থান করছেন। যদিও সেই ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে।
গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখা যায়। এ সময় তার সাথে ছিলেন বোরকা পরিহিত দুটি নারী, এবং তাদের হাতেও লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তারা সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন।
প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানিয়েছেন, শামীম ওসমান হাতে আইফোন ১৬ প্রো ম্যাক্স নিয়ে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারে উপস্থিত বাংলাদেশিদের ছবি তুলতে নিষেধ করেন।
জানা গেছে, শামীম ওসমান সরকার পতনের পর দালালদের সাহায্যে ভারতে পালিয়ে যান। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে আসেন। উল্লেখ্য, শামীম ওসমান এবং তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে আমিরাতে যাতায়াত রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দেশটির আজমান প্রদেশে ব্যবসা পরিচালনা করেন। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইস্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দিরহাম অনুদান দেওয়ার ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।