শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গুন্ডা ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশের অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের (অনুপ্রবেশকারীদের) ভারতে ঢোকার সুযোগ করে দিচ্ছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নবান্নে এক প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় এমন মন্তব্য করেন তিনি। এর ফলে পশ্চিমবঙ্গজুড়ে অশান্তি বিরাজ করছে বলে তার অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন প্রকাশিত একটি ভিডিওতে মমতাকে এই মন্তব্য করতে শোনা গেছে।
তিনি বলেন, বিজেপি বিএসএফের সঙ্গে যোগসাজশ করে এ কাজ করছে। মমতা আরও বলেন, “ইসলামপুর, সিতাই, চোপড়ার মতো বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে বিএসএফ লোক ঢুকতে দিচ্ছে। আমাদের কাছে এর নির্দিষ্ট খবর রয়েছে। অথচ আপনারা (বিজেপি) এর প্রতিবাদ করছেন না।”
তার আরও দাবি, “সীমান্ত দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে। তারা এখানে অপরাধ করে আবার বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। এটি বিএসএফের ভেতরকার কাজ এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অংশ। এটি কেন্দ্রের অনুমতি ছাড়া সম্ভব নয়।”
সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যের নয়, বিএসএফের হাতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এমন কাজ করে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূলের এ ধরনের কাজ করার কোনো অধিকার বা ক্ষমতা নেই।”
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দুই বাংলার মধ্যে কোনো সমস্যাই নেই। আমরা চাই উভয় জায়গাতেই শান্তি বজায় থাকুক। ভাষার সম্পর্ক আমাদের ঐতিহ্যগত।”
তিনি আরও বলেন, “চিকিৎসা বা মানবিকতার কারণে কেউ এলে আমাদের আপত্তি নেই। তবে তার জন্য ভারতে আসার বিষয়টি আমাদের জানাতে হবে।”
মমতা কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগ করে বলেন, “বাংলাদেশ নিয়ে যা করার দরকার, তা আপনারা ঠিক করবেন। কিন্তু যদি কেউ মদদ দেয়, আমরা প্রতিবাদ জানাব। এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাব।”