সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
গত বছরের শুরুতে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন হলেও চলতি বছরের শুরুতেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিয়ের কয়েক মাস না যেতেই দুজন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে তাহসানের ভক্তদের মধ্যে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রসঙ্গে তাহসানকে প্রতিনিয়ত অসংখ্য ফোন কল ও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
এবার তাদের আলাদা থাকার বিষয়টি গণমাধ্যমের কাছে নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। চলমান পরিস্থিতিতে মানসিক চাপের কথা স্বীকার করে তিনি বলেন, ‘খুব বেশি সংবাদ হচ্ছে, প্রচুর ফোন আসছে। আমি একটু শান্ত থাকতে চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা একসঙ্গে বসবাস করছেন না বলে জানা গেছে। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তাহসান। আজ শনিবার দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে গুঞ্জন ছড়িয়েছে, সেটাই সত্য। আমরা আর একসঙ্গে নেই। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। পেশায় রোজা আহমেদ একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তাহসানের একটি কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।