সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
চীনা টিকটক কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের ডিজিটাল মিউজিক লাইসেন্সিং ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম পিটিউন স্টুডিওর সাথে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি সঙ্গীতশিল্পের প্রযোজক, সুরকার এবং গীতিকাররা তাদের সৃষ্ট সঙ্গীত থেকে রয়্যালটি পাবেন। এতদিন বাংলাদেশি সঙ্গীতপ্রেমীরা অবৈধভাবে টিকটকে আপলোড করা গান শোনার ফলে প্রকৃত মালিকেরা রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই অংশীদারিত্বের ফলে বাংলাদেশি মেধাস্বত্বকারীরা শুধু অর্থ উপার্জনই করবেন না, বরং তাদের সৃষ্ট সঙ্গীত বিশ্বের দরবারে প্রচার করার সুযোগও পাবেন। পিটিউন স্টুডিও শিল্পী এবং রেকর্ড লেবেলগুলোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করবে, যা গান চুরির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে।
পিটিউন স্টুডিওর প্রতিষ্ঠাতা পরাগ কুমার বিশ্বাস জানান, ‘পিটিউন স্টুডিওর সকল শিল্পী ও অংশীদারদের জন্য টিকটকের সঙ্গীত অধিকার ব্যবস্থাপনা এখন থেকে বাংলাদেশ থেকেই পরিচালিত হবে। এটি আমাদের শিল্পী ও রেকর্ড লেবেলগুলোর জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। আমাদের শিল্পীদের সঙ্গীত প্রায়ই পাইরেসির শিকার হয়, যা তাদের রয়্যালটিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই অংশীদারিত্ব শিল্পী ও লেবেলগুলোর স্বার্থ রক্ষা ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’ এই উদ্যোগ বাংলাদেশের সঙ্গীতশিল্পকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকারকে শক্তিশালী করে।
পিটিউন স্টুডিও বাংলাদেশভিত্তিক একটি ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন ও অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠান। এটি শিল্পী ও লেবেল অধিকার ধারকদের জন্য কপিরাইটের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত করে। কোম্পানিটি আধুনিক রয়্যালটি ও ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে সাউন্ড রেকর্ডিং ও অডিওভিজ্যুয়াল কন্টেন্ট লাইসেন্সিংয়ে মনোযোগ দেয়।