সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়েছে এবং আগামী নভেম্বরে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আজ বৃহস্পতিবার দুপুরে বেবিচক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টার্মিনালের নির্মাণ অগ্রগতি নিয়ে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘টার্মিনালের সামনের অ্যাপ্রোনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে। টার্মিনালের দুই কর্নারের সিলিং ও বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে, যা মার্চের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। যাত্রী সেবার মান উন্নত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং বেবিচককে আমরা দুর্নীতিমুক্ত রাখার জন্য সর্বোচ্চ সচেষ্ট।’
তিনি আরও বলেন, ‘এই বছরের মধ্যেই টার্মিনাল উদ্বোধনের জন্য আমরা বদ্ধপরিকর। এটি যেকোনো মূল্যে চালু করতেই হবে, কারণ এখানে বিশাল অঙ্কের বিনিয়োগ হয়েছে। পুরো প্রকল্পে ২.১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, যার একটি বড় অংশ জাইকা থেকে নেওয়া ঋণ এবং কিছু অর্থ সরকার দিয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক হলে অক্টোবর মাসে ফ্লাইট শুরু করতে পারব। আর কোনো কারণে দেরি হলে নভেম্বরের মধ্যেই কার্যক্রম চালু করা হবে।’
এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘তৃতীয় টার্মিনালের গাড়ি পার্কিং এর অবস্থান ভবনের সামনের দিকে রাখা হয়েছে, যা ভবনের নান্দনিকতায় কিছুটা প্রভাব ফেলেছে। তবে জায়গার স্বল্পতার কারণে এটি সামনের দিকে করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদিও সবকিছু প্রায় গুছিয়ে আনা হয়েছে, ভিভিআইপি অংশের কাজের ৬৫ শতাংশ এখনো বাকি রয়েছে। এ অংশের কাজ দ্রুত শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিমানবন্দরে ২৪টি সংস্থা একযোগে কাজ করছে। তাদের সবাই নিরাপত্তার বিষয়ে সতর্ক রয়েছে। যদি কোনো সংস্থা বা ব্যক্তি ভুল করে, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠলে তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’
এছাড়া তিনি সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া এবং সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ সম্পর্কেও কথা বলেন। চলমান সব প্রকল্পের কাজ এই বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানান বেবিচক চেয়ারম্যান।