শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে।
রোববার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া তাঁর নিজ বাসভবনে এই অভিযান পরিচালিত হয়, এবং তাকে আটক করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে এবং বর্তমানে তাকে জেলা সদরের যৌথ বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তবে তাকে আটক করার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি। তার বাড়িতে এখনো যৌথ বাহিনীর অভিযান চলছে। আমার জানামতে তার বিরুদ্ধে এই থানায় কোনো মামলা নেই।
এ ঘটনার আগের দিন শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরিফে ১১০তম উরসে পৌঁছালে উত্তেজিত জনতা লতিফ বিশ্বাসের গাড়িটি ১ নম্বর গেট এলাকায় অবরোধ করে। এই সময় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে গাড়ির একটি গ্লাস ভেঙে দেয়। পরে দরবার শরিফের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।
লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আবদুল লতিফ বিশ্বাস গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে তিনি আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।