বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে, বাংলাদেশ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা হতে পারে ৫ থেকে ১১ জনের মধ্যে।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল পৌনে নয়টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। একই সময়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় আজ সকালে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে।
ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগুন লাগে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে। ফায়ার সার্ভিস রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। পরে আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রথমে আগুনের সূত্রপাত হয় ৬ তলায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ৭ এবং ৮ তলায়। এই অগ্নিকাণ্ডে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২ থেকে ৩ জন।
নাশকতা থেকে আগুনের ঘটনা ঘটতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে সঠিকভাবে বলা সম্ভব হবে। একই সঙ্গে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যও তদন্ত প্রতিবেদন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।