সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে যাচ্ছেন। শ্বশুরবাড়ির জেলা সিলেটে তার এই আগমনকে ঘিরে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশে ফেরার পর রাজধানীর বাইরে এটিই হবে তার প্রথম রাজনৈতিক সফর, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সফরের অংশ হিসেবে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
তার আগমন উপলক্ষে সিলেট নগরীজুড়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে কেন্দ্র করে চলছে ব্যস্ত আয়োজন। বিশাল পরিসরের মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও জনসাধারণের বসার সুব্যবস্থা করা হচ্ছে। বিএনপির লক্ষ্য, প্রথম নির্বাচনী জনসভায় ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগম ঘটিয়ে সাংগঠনিক শক্তির জানান দেওয়া।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছে। বোম ডিসপোজাল ইউনিট দিয়ে মঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি করা হয়েছে। বিমানবন্দর, মাজার এলাকা, চৌহাট্টাসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
দলীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি সন্ধ্যায় আকাশপথে সিলেটে পৌঁছে রাতেই মাজার জিয়ারত করবেন তারেক রহমান। পরদিন সকাল ১০টায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার ও হবিগঞ্জে পথসভায় অংশ নেবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর ও জনসভা থেকেই জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশাবাদী।