মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আজ সকালে শায়রুল কবির খান জানিয়েছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
কিন্তু দুপুরে তিনি জানান, ‘আজ ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানানো হবে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগের সমস্যায় ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও আক্রান্ত। ২০২১ সালে করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য একাধিকবার পরামর্শও দেয়া হয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।