রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
জামালপুর: জামালপুর সদর উপজেলার দিগপাইতের নাথের পাড়া ব্রিজের মাঝামাঝি স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে চালক আবদুর রাজ্জাক সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুর শহরে আসছিলেন। রাত সাতটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কামালখানহাট এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক আবদুর রাজ্জাক (৪৫), জামতলী এলাকার জাহাঙ্গীর আলম (৩৮), জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকার আবদুল করিম (৪২), সরিষাবাড়ী উপজেলার মহাদান এলাকার মো. এনাম ফকির (২৭) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার আরিফুল ইসলাম (৩৮)। গুরুতর আহত ব্যক্তির নাম আমজাদ ফকির। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।