শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চাই।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঠিক আগে পাক হানাদার বাহিনী এ দেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই দিন আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে। এই মহান যুদ্ধের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে।
বিএনপির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা তাদের মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন, দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী শিগগিরই একটি নির্বাচনের আয়োজন হবে। আমরা সবসময় আশাবাদী। ইতোমধ্যে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা তাদের সহযোগিতা করছি। আশা করি, শিগগিরই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।
এ সময় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুশ সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহবুবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তাফা জামান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের রাকিবুল ইসলাম এবং নাছির উদ্দিন নাছির। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।