রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রায়ই সমসাময়িক নানা ইস্যু নিয়ে প্রশ্ন ওঠে। এবার ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি আলোচনায় এসেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। উভয় দেশই ভারতের ভেতরে অবস্থিত বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনাকে ঘিরে এবং বাংলাদেশ নিয়ে ভারতের ক্রমবর্ধমান কঠোর বক্তব্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া আছে কিনা তা জানতে চাওয়া হয়।
উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার মতভেদ মেটাবে।
এর আগেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। উর্দু ও হিন্দিভাষী মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্গারেট ম্যাকলিয়ডের ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা নিয়ে ভারতের সংবাদমাধ্যম অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে।
বিষয়টি নিয়ে আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করা হয়।
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, অঞ্চলটির প্রতিটি মানুষ তাদের ধর্ম ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।