মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মাদক ব্যবসায়ীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে।
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের দুধঘাটা এলাকা থেকে তাকে ডেকে নিয়ে আক্রমণ করা হয়।
শাহজাহান পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল হকের সঙ্গে টাকার লেনদেন নিয়ে শাহজাহানের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার তাকে ডেকে নিয়ে গুরুতর আঘাত করা হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করে হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়।
নিহতের মা রিনা বেগম জানান, কোরবানপুরের বাসিন্দা ও মাদক ব্যবসায়ী রাসেল হক পাওনা টাকা দেওয়ার অজুহাতে মোবাইলে ফোন করে শাহজাহানকে ডেকে নেয়। টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাসেল ও তার সহযোগী কমল হক, বিজয়, ইমরানসহ ৮-১০ জনের একটি দল বাড়ির সামনে তাকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ওই যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।