বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, নিশ্চয়তা পেলাম।
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ জানিয়েছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এক ঝটিকা পোস্টে এই স্পষ্ট বার্তা দেন।
ফাইজ তাইয়েব আহমেদ লিখেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগের কোনও পরিকল্পনা নেই। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন হতে পারে না, তবে বাংলাদেশের জন্য এবং দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তিনি অপরিহার্য।”
তিনি আরও বলেন, “ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে, সরকারকে অধিক কার্যকরী করতে হবে, উপদেষ্টাদের কাজের স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করতে হবে। এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা নয়। গণঅভ্যুত্থানের পর জনতার সমর্থনে যেভাবে প্রফেসর সফল হয়েছেন, সেটাই আমাদের দেখাতে হবে।”
বিশ্বমঞ্চে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান অটুট রাখাও আমাদের দায়িত্ব বলে উল্লেখ করে ফাইজ বলেন, “সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড় আলোচনা করতে হবে, নিয়মিত সভায় তাদের মতামত গ্রহণ করতে হবে। বিচ্ছিন্নতাবাদ কোনওভাবেই কাম্য নয়।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, “সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করা যাবে না। আজকের সভ্য বিশ্বে কোনো দেশের সেনাবাহিনী রাজনীতিতে লিপ্ত হয় না। সেনাপ্রধানের নির্বাচনের বিষয়ক বক্তব্যে ‘জুরিসডিকশনাল কারেক্টনেস’ বজায় রাখা হয়নি, তবে সেনাবাহিনীকে সম্মান ও আস্থায় রাখতে হবে। হঠাৎ করে সেনা বিষয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।”
তিনি স্পষ্ট করেন, “আওয়ামী লীগের পুনর্বাসনের নামে ইনক্লুসিভনেস দাবি করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, এবং তা অবনতি করার কোনো সুযোগ নেই।”
ফাইজ তাইয়েব আশা প্রকাশ করেন, “সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন আগামী এপ্রিল-মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এ সময়ে যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই ও আগস্টে আমরা জাতীয়ভাবে দুই মাস ধরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ। এছাড়াও, আগস্টে স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায় দেখতে পাব বলে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, হারানোও যাবে না।”
এর আগে, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে স্যার কাজ করতে পারবেন না এমন শঙ্কা ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”
নাহিদ জানান, “আজ সকাল থেকেই গণমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর ব্যাপক আলোচিত হয়েছে, তাই বিষয়টি জানার জন্য স্যারের সঙ্গে দেখা করেছি।”