রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ছুটির দিনে নারী বাহিনীর আড্ডা নয়, হোপ মার্কেট যেন কেনাকাটার স্বর্গ
অনলাইন ডেস্ক
মিরপুরের প্রাণকেন্দ্রে এমন এক মার্কেট আছে, যেখানে ঢুকলেই সময় থেমে যায়, আর দামে যেন স্বপ্নপূরণের জাদু! নাম হোপ মার্কেট। একসময় যেখানে ছিল শুধু ফুটপাথের কিছু দোকান, এখন সেখানে গড়ে উঠেছে বিশাল এক কেনাকাটার জগৎ। মিরপুর–১০-এর বি ব্লকের ১১ নম্বর সড়কে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশেই এর অবস্থান। স্কুলের নাম থেকেই জন্ম নিয়েছে এই ‘হোপ’ মার্কেট নামটি।
প্রথমদিকে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরাই ছিল এই মার্কেটের প্রধান ক্রেতা। কিন্তু এখন? ফেসবুকের রিল, ইউটিউবের ভ্লগ আর মেট্রোরেলের কল্যাণে এখন রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মার্কেটে।
যা আছে, তাই যেন চাই!
হোপ মার্কেট মানেই সস্তায় স্টাইল। শতাধিক দোকানে মিলে থ্রি-পিস, টপ, কুর্তা, ওড়না, ব্যাগ, জুতা, জিনস, গয়না, বাসনকোসন—আরও কত কী! সুতি, লিনেন, জর্জেটের বাহারি কুর্তা মাত্র ৪০০ থেকে ৭০০ টাকায়। কাফতান বা টপ পেয়ে যাবেন মাত্র ২০০-৫০০ টাকায়।
ওড়না ও স্কার্ফ? ১০০ থেকে ২০০ টাকা। জিনস, গ্যাবার্ডিন, ডেনিমের প্যান্ট ১৫০ থেকে ৩৫০ টাকায়। চাইলে কার্গো বা পালাজ্জোও আছে। দাম মাত্র ২০০ থেকে ৫০০ টাকার মধ্যেই।
জুতা, ব্যাগ আর গয়নায় বাজেট ফ্যাশন
পোশাকের সঙ্গে মিলিয়ে হিল, নাগরা, স্নিকার্স বা স্লিপার কিনতে পারবেন ১০০-৪০০ টাকায়। রাজস্থানির চুমকি জুত্তি তরুণীদের ফেভারিট! আর ব্যাগের শেলফে ঝুলছে টোটব্যাগ, পার্স, হ্যান্ডব্যাগ—১০০ থেকে ৫০০ টাকায়।
সিরামিক বাসনকোসনের বাহার
চোখ ধাঁধানো মগ, প্লেট, বাটি, ডিশ—সব পাওয়া যায় ভ্যানে সাজানোভাবে। দাম মাত্র ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে। কিচেন সাজাতে চাইলে অবশ্যই ঘুরে আসুন সিরামিক ভ্যানগুলোতে।
মেকআপ ও গয়না বক্সে রাজত্ব হোপ মার্কেটের
১০০ টাকার মধ্যেই টিপ, কাজল, আইলাইনার, লিপস্টিক—সব মিলবে। আর গয়নার বিশাল কালেকশন—টপ, ঝুমকা, অ্যান্টিক মালা, কাচের চুড়ি—সব ২০ থেকে ২৫০ টাকায়। স্টুডেন্টদের জন্য একেবারে বাজেট ফ্রেন্ডলি।
সময় আর ভিড়ের হিসাব
মার্কেট খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা। তবে বিকেল ও সন্ধ্যায় ভিড় থাকে সবচেয়ে বেশি। ছুটির দিনগুলোয় ভিড় সামলানো কঠিন—শিশুদের নিয়ে আসাটা এড়ালেই ভালো।
টিপস: দরদাম জানলে আপনার শপিং হবে জাদুর মতো সাশ্রয়ী!
কম দামে বেশি কিনতে চাইলে দরদামের খেলায় পারদর্শী হোন। একবার ঘুরে আসলে হোপ মার্কেট আপনাকেও নিজের আপন জায়গা বানিয়ে নেবে। শপিং লোভারদের জন্য এই জায়গা যেন এক স্বপ্নপুরী।