সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
🔕 এক ছাদের নিচে থেকেও অচেনা, অজানা হয়ে যাচ্ছে সম্পর্ক—এই সম্পর্কটাই আসলে নীরব ডিভোর্স!
অনলাইন ডেস্ক
ডিভোর্স মানেই কি কোর্ট-কাছারির ঝামেলা আর সামাজিক ট্যাগ? না, সবসময় নয়। কারণ, এখনকার সময়ে অনেক দম্পতি আইনগত বিচ্ছেদ না নিয়েই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন—চুপিচুপি, নিঃশব্দে। এই অবস্থাই পরিচিত ‘সাইলেন্ট ডিভোর্স’ নামে। তারা একসঙ্গে থাকেন ঠিকই, কিন্তু একে অপরের জীবন থেকে মানসিকভাবে অনেক আগেই সরে গেছেন।
❝সাইলেন্ট ডিভোর্স❞ এমন একটি অবস্থা, যেখানে বাইরের দুনিয়ায় তাঁরা সুখী দম্পতি, কিন্তু বাস্তবে তাঁরা দুইটা ভিন্ন পৃথিবীর বাসিন্দা। এর কোনো আইনগত নথি থাকে না, কোনো সামাজিক ঘোষণা হয় না—তাই এটাকে ধরাও মুশকিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও গবেষক হাজেরা খাতুনের মতে, এই নীরব বিচ্ছেদের পেছনে রয়েছে একাধিক আবেগঘন ও বাস্তবিক কারণ।
বিশ্বাস হারানো, ছোট ছোট অভিমান জমা হতে হতে পাহাড় হওয়া, মতের অমিল, আর্থিক চাপ, যৌন বা আবেগঘন দূরত্ব, সন্তান পালনে দ্বন্দ্ব—এসবই ধীরে ধীরে সম্পর্ককে নিঃস্ব করে তোলে। এক সময় সেই সম্পর্ক থাকে কেবল কাগজে-কলমে।
সামাজিক চোখরাঙানি, সন্তানের ভবিষ্যৎ, পারিবারিক মান-সম্মান, একা থাকার ভয় কিংবা নারীর নিরাপত্তাহীনতা—এসব কারণেই অনেকে আইনি বিচ্ছেদ না নিয়ে থেকে যান একই ছাদের নিচে। তবে তারা আসলে থাকেন দুই ভিন্ন ঘরে, দুই ভিন্ন মনের জগতে।
এই সম্পর্কের নীরবতা যত দীর্ঘ হয়, ততই বিষিয়ে ওঠে দাম্পত্য। নীরব ডিভোর্স শুধুই সম্পর্কের মৃত্যু নয়, এটি দুটি জীবনের একসঙ্গে নিঃশব্দে ঝরে যাওয়া। এখন সময়—এই নিরবতাকে ভাঙার, সম্পর্ককে নতুন করে চিনে নেয়ার। কারণ, সম্পর্ক মানেই শুধু সহবাস নয়, এটি বোঝাপড়া, সম্মান আর অনুভবের এক স্পর্শকাতর যাত্রা।