সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
বরিশালে ডেঙ্গুর দাপট, একদিনেই হাসপাতালে ২৬১ জন!
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। তাদের মধ্যে চমকে দেওয়ার মতো তথ্য হলো, ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে স্বস্তির খবর হলো—নতুন করে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সংখ্যা ২৬১, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১১, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২ এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ জন।
গত ২৪ ঘণ্টায় ২৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮৩২ জনে।
২০২৫ সালের ১১ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৩০৩ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী।
সৌভাগ্যক্রমে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। তবে চলতি বছর এ রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু কেড়ে নিয়েছিল এক হাজার ৭০৫ জনের প্রাণ, আর আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জনে—যা ছিল রেকর্ডসংখ্যক।