শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ক্যাফেতে ঢুকে এক মগ কফি চাইলেন। তখনই আসল পাল্টা প্রশ্ন, ‘কোন কফি পছন্দ করবেন, এসপ্রেসো, আমেরিকানো, মোকা, না লাতে?’ এমন নানা রকম কফির নাম আছে। এক নজরে দেখে নিন, কোন কফির স্বাদ কেমন।
এসপ্রেসো
চলুন শুরু করি এসপ্রেসো দিয়ে। এটি আসল কফি–ভক্তদের জন্য আদর্শ। একে শর্ট ব্ল্যাক নামেও ডাকা হয়। বিভিন্ন কফির ভিত্তি মূলত এই এসপ্রেসো। এর স্বাদ বেশ তেতো। এটি সাধারণত ছোট্ট কাপে পরিবেশন করা হয়। স্পেশালিটি কফি অ্যাসোসিয়েশন অনুযায়ী, এক শট এসপ্রেসো তৈরির জন্য লাগে ৫ আউন্স বা ১৫০ মিলিলিটার পানি ও ৮ গ্রাম কফি।
উচ্চ চাপে ফুটন্ত পানি কফির প্রাকৃতিক তেলের সঙ্গে মিশে ক্যারামেল রঙের একটি ফেনা তৈরি করে, যাকে বলে ‘ক্রেমা’। এটি এসপ্রেসোর ঘন স্বাদ এবং কফির সুগন্ধ তৈরি করে। অত্যন্ত কড়া এবং তেতো স্বাদের এই কফি আরাম করে পান করার জন্য নয়। তবে সকালে এক কাপ এসপ্রেসো আপনার কাজে উদ্যম এনে দিতে পারে।
ডাবল এসপ্রেসো
এসপ্রেসোর ডাবল শটই হলো এটি, যা ডপিও নামেও পরিচিত। এসপ্রেসোর দুটি শট একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ডাবল এসপ্রেসো।
আমেরিকানো
শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে থাকা মার্কিন সৈন্যদের হাত ধরে এর জন্ম। কারণ, এসপ্রেসোর তেতো স্বাদ তাঁদের জন্য ছিল অনেক বেশি। তাই তাঁরা এসপ্রেসোর সঙ্গে সমান পরিমাণে পানি মিশিয়ে নিতেন। সেই থেকে নাম হয়েছে ‘আমেরিকানো’।
লাতে
বাংলাদেশে কফিপ্রেমীদের অন্যতম প্রিয় লাতে। ‘লাতে’ শব্দের অর্থ ইতালীয় ভাষায় দুধ। নাম থেকেই বোঝা যায়, এটি দুধের মিশ্রণ। মখমলি স্বাদের এই কফির ভিত্তি হলো এসপ্রেসো, যার সঙ্গে মেশানো হয় কফির দ্বিগুণ পরিমাণ দুধ। ওপরে থাকে দুধের ফেনা। এর মিষ্টি স্বাদ বেশি। এতে পাওয়া যায় ভ্যানিলা, ক্যারামেল, হ্যাজেলনাট, মোকা ইত্যাদির ফ্লেভার।
কাপুচিনো

ইতালির কাপুচিন ধর্মযাজকদের খয়েরি রঙের পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকায় এর নাম রাখা হয় কাপুচিনো। এক ভাগ এসপ্রেসো, এক ভাগ দুধ এবং এক ভাগ দুধের ফেনা দিয়ে তৈরি করা হয় এই কফি। ওপরে ছিটানো থাকে কোকো পাউডার বা দারুচিনির গুঁড়া।
মোকা
যাঁরা কফি এবং চকলেট দুটোই ভালোবাসেন, তাঁদের জন্য মোকা আদর্শ। প্রথমে গ্লাসে এক শট এসপ্রেসোর অর্ধেক পরিমাণ চকলেট সিরাপ ঢালা হয়। এরপর সিঙ্গেল শট এসপ্রেসো, দ্বিগুণ পরিমাণ গরম দুধ এবং সামান্য দুধের ফেনা যোগ করা হয়। এতেই তৈরি হয়ে যায় মোকা।
আফোগাতো
আফোগাতো মূলত কফি দিয়ে তৈরি একটি ডেজার্ট, যা ইতালিতে বেশ জনপ্রিয়। এটি আমাদের দেশের কফি শপগুলোতে খুব বেশি দিন ধরে নেই। বানানো বেশ সহজ। এক শট এসপ্রেসোর মধ্যে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করলেই তৈরি হয়ে যায় আফোগাতো।
ফ্রাপে
এটি ঠান্ডা কফির একটি ধরন, যা বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। এর উৎপত্তি গ্রিসে, তাই একে গ্রিক আইসড কফি-ও বলা হয়। এতে এসপ্রেসো, চিনি, পানি ও দুধ মিশিয়ে তৈরি করা হয়। চিনি ছাড়াও এতে বিভিন্ন ফ্লেভারের সিরাপ মেশানো যায়। গরমের দিনে শীতল এই কফি ছোট-বড় সবার পছন্দের।