শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
মাইলস্টোনের শিশুর আর্তনাদে কেঁপে উঠল পুরো দেশ!
অনলাইন ডেস্ক
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর বিধ্বস্ত বিমানের ঘটনায় প্রাণহানি বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ছাড়াও, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৬৮ জন।
বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা জানায় ৩১। রাতেই রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নাফি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়।

সরকারি অনুসন্ধানে হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন ৪৪ জন, মৃত্যুবরণ করেছেন ১১ জন। সিএমএইচে চিকিৎসাধীন ২১ জন, মারা গেছেন ১৫ জন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১ জন চিকিৎসাধীন, কেউ মারা যাননি। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন, মৃত্যুর ঘটনা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি নেই, তবে মারা গেছেন ১ জন। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন নেই কেউ, তবে ১ জন মারা গেছেন যার পরিচয় এখনও নিশ্চিত নয়। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন, কেউ মারা যাননি। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন একজন, চিকিৎসাধীন কেউ নেই।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে লুবানায় যে একজন মারা গেছেন, তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি গণমাধ্যম।