বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
যুদ্ধবিমান পড়ল ক্যাম্পাসে, ন্যায়বিচারে সরব মাইলস্টোন!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর কলেজটির সামনে জনসমাগম ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে কলেজের সামনে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
সেখানে দায়িত্বে থাকা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাসিম গণমাধ্যমকে বলেন, আমরা ভিড় নিয়ন্ত্রণে রাখছি। পুরো এলাকা সবার জন্য উন্মুক্ত করলে আলামত বিনষ্ট হতে পারে। তবে মানুষজন প্রবেশে পুরোপুরি নিষেধ নেই।
অন্যদিকে গেটের বিপরীত পাশে দিয়াবাড়ির গোলচত্বর মোড়ে প্রতিবাদ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আন্দোলন হবে পুরোপুরি অহিংস ও গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান অটল থাকবে। ‘ভয় নয়, চাই ন্যায়বিচার’—এমন শ্লোগানে তারা উত্থাপন করেছেন ছয় দফা দাবি।
এই সময় শিক্ষার্থীরা যে ছয়টি দাবি তুলে ধরেন সেগুলো হলো— দুর্ঘটনায় নিহতদের পূর্ণ পরিচয় ও নাম প্রকাশ করতে হবে; আহতদের নির্ভুল ও বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে; ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের ‘অপমানজনক আচরণের’ জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে; নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে; পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ নতুন প্লেন চালু করতে হবে; বিমানবাহিনীর প্রশিক্ষণ ও এর এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
হাসিব বিল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, ‘শুধু মাইলস্টোন নয়, ঢাকার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন এভাবে ঝুঁকির মধ্যে না পড়ে—এটাই আমাদের দাবি। গতকালের ঘটনার পর আমাদের অনেক বন্ধুই ভীত হয়ে পড়েছে। আমরা চাই নিরাপদ শিক্ষার পরিবেশ।’