বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। মঙ্গলবারই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।