বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শেষ হলো এসএসসি, এখন ব্যবহারিক ও ফলাফলের প্রতীক্ষা!
অনলাইন ডেস্ক
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দেশজুড়ে একযোগে শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। এরই মধ্যে মঙ্গলবার (১৩ মে) শেষ হয়েছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা। আর মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হতে যাচ্ছে বৃহস্পতিবার (১৫ মে)। ওইদিন থেকেই শুরু হবে স্কুলপর্যায়ে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে টানা ২২ মে পর্যন্ত। মাদ্রাসা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মে থেকে এবং তা চলবে ২২ মে পর্যন্ত।
প্রতিটি বোর্ড পরীক্ষার ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষার ফল ও সংশ্লিষ্ট কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। সকল বোর্ডের কাছে ব্যবহারিক পরীক্ষার ফলাফলসহ প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলা হয়েছে ২৫ মে’র মধ্যে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে রেকর্ডসংখ্যক ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী সবচেয়ে বেশি—৩ লাখ ৮১ হাজার ১১৯ জন। এরপর রয়েছে দিনাজপুর (১ লাখ ৮২ হাজার ৪১০), রাজশাহী (১ লাখ ৮১ হাজার ৯০৪), কুমিল্লা (১ লাখ ৬৯ হাজার ৬৮০), যশোর (১ লাখ ৪১ হাজার ৬৪), চট্টগ্রাম (১ লাখ ৪০ হাজার ৬২৮), ময়মনসিংহ (১ লাখ ৬ হাজার ৪৪৭), সিলেট (১ লাখ ২ হাজার ৮৭২) এবং বরিশাল বোর্ড (৮৪ হাজার ১৮)।
মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। কারিগরি বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন ছাত্র ও ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী।
চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশজুড়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার কঠোর নির্দেশনা জারি করে সরকার।