শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’ মুক্তির পর থেকেই ইতিহাস গড়ে চলেছে। বক্স অফিসে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে সিনেমাটি। একাধিক ভাষায় দারুণ ব্যবসা করলেও সাফল্যের পাশাপাশি সিনেমাটি বিতর্ক থেকেও রেহাই পাচ্ছে না।
সম্প্রতি শোনা যাচ্ছে, উত্তর ভারতের কিছু প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হচ্ছে। সুকুমারের পরিচালনায় তৈরি এই সিনেমা নিয়ে বৃহস্পতিবার একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশ্লেষক মনোবালা বিজয়াবালন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শুক্রবার উত্তর ভারতের পিভিআর এবং আইনক্স প্রেক্ষাগৃহ থেকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সরিয়ে দেওয়া হবে।” তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে কিছু সময় পরই তিনি তার এই মন্তব্য ফিরিয়ে নেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আবার জানান, “একটি সমস্যা হয়েছিল, যা সমাধান করা হয়েছে। সিনেমাটি এক এক করে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।”
হিন্দি ভাষায় ‘পুষ্পা-২’ উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়েছে। সিনেমাটি মুক্তির পর হিন্দি ভাষাতেই ৬০০ কোটি রুপি আয় করেছে। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫০৮ কোটি রুপিতে। সিনেমাটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল।
করোনা মহামারির সময় মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছিল। সেই সিনেমায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তাই ‘পুষ্পা-২’ নিয়েও শুরু থেকেই ব্যাপক উত্তেজনা ছিল।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। যদিও সেদিনই তেলেঙ্গানা হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তী জামিন পান।