শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
মনপুরায় রমজানে বিদ্যুৎ নেই, অথচ বিল ঠিকই আসে!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার হাজীরহাট ইউনিয়নের লক্ষাধিক মানুষ রমজানের শুরু থেকেই বিদ্যুতের আলো থেকে বঞ্চিত! সরকার শতভাগ বিদ্যুতায়নের দাবি করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়রা বলছেন, বিদ্যুতের নামে চলছে চরম প্রতারণা—কথিত ৮ ঘণ্টার বিদ্যুৎ এখন দিনে মাত্র ৩০-৪০ মিনিট!
রমজানের আগে যেখানে অন্তত ৩ ঘণ্টা বিদ্যুৎ মিলত, সেখানে প্রথম রোজার পর থেকে সেটাও মিলছে না। দিনের পর দিন অন্ধকারে কাটাচ্ছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ সংকটে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে—ফ্রিজ নষ্ট, দোকানের পণ্য পচে যাচ্ছে, ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম!
জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবিতে আন্দোলন করেও কোনো ফল পাননি মনপুরার মানুষ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (WZPDCL) কর্মকর্তারা বলছেন, মেইন উৎপাদন মেশিন ২ বছর আগেই বিকল হয়ে গেছে, পুরোনো মেশিন দিয়ে কোনোমতে বিদ্যুৎ দেওয়া হলেও সেগুলোও একে একে নষ্ট হয়ে গেছে! এখন মাত্র একটি ছোট মেশিন চালিয়ে পার্টটাইম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বিদ্যুৎ পাই না, অথচ বিল ঠিকই আসে! সরকার বলেছে ঘরে ঘরে বিদ্যুৎ, কিন্তু মনপুরার ঘরে শুধু অন্ধকার!”
কবে নাগাদ সমস্যার সমাধান হবে, তা কেউ জানে না। কর্তৃপক্ষ বলছে, মেশিন মেরামতের কাজ চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিন চলবে এই অন্ধকারের রাজত্ব? মনপুরাবাসীর দাবি একটাই—তাদেরও চাই নিরবিচ্ছিন্ন জাতীয় গ্রিডের বিদ্যুৎ!