সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নেত্রকোনার দুর্গাপুরের কংস নদী থেকে আনুমানিক ৯ বছর বয়সের অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার খাপাড়া গ্রামে স্থানীয়রা কংস নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের সময় শিশুটির পরনে খয়েরি রঙের শার্ট এবং হাফপ্যান্ট (স্কুলের পোশাক) ছিল। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি স্রোতের সাথে ভেসে নদীর উজান থেকে থানার এলাকায় এসে পৌঁছেছে।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। সেই সঙ্গে শিশুটির পরিচয় শনাক্তের প্রচেষ্টাও চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।