বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বরাদ্দ সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বিষয়টি স্পষ্ট করেছেন।
https://www.facebook.com/share/p/1FLxeyxJ7M/
বলেন, ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত বৈঠক ও যোগাযোগ রক্ষা করে আসছে। নির্বাচন সংক্রান্ত আইন, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া, প্রবাসীদের ভোটাধিকারসহ নানা বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা চালানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২০০৮-এর নির্বাচনী বিধিমালার সংশোধনের মাধ্যমে ১৫০টি নতুন প্রতীক তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। এনসিপির প্রতিনিধি দল ৪ জুন কমিশনের সঙ্গে বৈঠক করে এবং শাপলা প্রতীকের অন্তর্ভুক্তির বিষয়ে আশ্বাস পান। পরে ২২ জুন দল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যাখ্যা দেন, শাপলা জাতীয় প্রতীক হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এটি তফসিলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ইতোমধ্যে জাতীয় প্রতীকের উপাদান বরাদ্দ দেওয়া হয়েছে। শাপলা, ধানের শীষ, পাটপাতা ও তারকা—এই চারটি উপাদান আলাদাভাবে প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য।
এনসিপি আশা করছে, নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে যেকোনো একটি প্রতীক দলকে বরাদ্দ দেবে এবং এর মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। এনসিপি জানাচ্ছে, তারা প্রতীক সংক্রান্ত কোনো ভিন্ন সংস্করণ গ্রহণের ক্ষেত্রেও সহযোগিতার জন্য প্রস্তুত।