বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেবেন। দুপুর ২টার দিকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং প্রত্যক্ষ্যদশী হিসেবে জবানবন্দি প্রদান করবেন।
এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম (ফাহিম)। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, চানখাঁরপুলের ছয় হত্যা মামলায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যেই তিনি লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।
মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। অন্য চারজন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়াকে হত্যা করে। ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয় এবং ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।