বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতিসংঘের ঢাকা অফিসের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার সকালে বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। জামায়াত আমির তার অফিসে উপস্থিত হয়ে জাতিসংঘ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন।
বৈঠকে গোয়েন লুইস জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া বাংলাদেশের আগামী নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার ব্যাপারে আলোচনা হয়েছে। জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে ওঠার ক্ষেত্রে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায় আলোচনা করা হয়েছে।
বৈঠকে মায়ানমার ও পার্বত্য অঞ্চল সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মায়ানমারে মানবিক সংকটের সমাধানের জন্য জাতিসংঘসহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত প্রকাশ করা হয়েছে।
জামায়াত আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে সরাসরি তারা এই মানবিক সহায়তায় অংশগ্রহণ করতে পারে না। তবে কিছু ইসলামিক এনজিও তাদের পাশে দাঁড়াচ্ছে এবং মানবিক সহায়তায় জামায়াতও পাশে আছে।
গোলাম পরওয়ার জানান, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রবেশ করছে। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ প্রতিনিধিরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কর্মকর্তা হুমা খান এবং জামায়াতের পক্ষে ব্যারিস্টার আরমান উপস্থিত ছিলেন।