বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর তিনি সুনামগঞ্জের মাটিতে জন্ম নেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন ওসমানী।
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দিয়ে ঘোষণা করেন—বাংলাদেশ সেনাবাহিনীর কাঠামো গঠিত হবে এবং এম এ জি ওসমানী হবেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। একই বছরের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারেও তিনি পান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব। তার কৌশলগত পরিকল্পনায় দেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালিত হয়।
১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পায়। এর ঠিক ১০ দিন পর, ২৬ ডিসেম্বর, ওসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবজাত দেশের প্রথম সেনাপ্রধান করা হয়। তবে মাত্র কয়েক মাস পর, ১৯৭২ সালের ১২ এপ্রিল তিনি অবসরে যান।
পরবর্তীতে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। কিন্তু ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।
তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সিলেটে নানা কর্মসূচি হচ্ছে। সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল, আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতা।