শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
সিরিয়ার আলেপ্পোতে নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনা ও কুর্দি বাহিনী। মঙ্গলবার আল আরাবিয়া জানিয়েছে, কয়েক দিনের সহিংসতার পর সিরীয় সেনাবাহিনী এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এসডিএফ সেনাবাহিনীর ওপর হামলার কথা অস্বীকার করেছে।
অনেক পরিবার এলাকা ছাড়ে পালিয়েছে। আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব জনগণকে ঘরের ভিতরে থাকার এবং সংঘর্ষ চলা এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং কুর্দি প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে কয়েকটি সংঘর্ষরেখায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে সেনা মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনী সম্প্রতি এসডিএফ নিয়ন্ত্রণাধীন আলেপ্পোর দুটি এলাকা অবরোধ করে। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছেন।