বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
পুলিশ পদক বিতরণ গোপন? বাস্তবতা বলছে ভিন্ন কথা!
অনলাইন ডেস্ক,
ভারতীয় টেলিভিশন চ্যানেল আজতাক বাংলায় সম্প্রচারিত এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের একটি প্রকাশ্য ছবিকে ‘গোপন ছবি’ হিসেবে আখ্যায়িত করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। এতে বলা হয়, আজতাক বাংলার এই প্রতিবেদন পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরমভাবে নিন্দনীয়। প্রতিবেদনটিতে দাবি করা হয়, পুলিশের ইউনিফর্ম পাকিস্তানের জেনারেলদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এবং সেই সূত্রে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কাদের একজন পাকিস্তানি জেনারেলের সঙ্গে হাত মিলিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত।
আসলে, গত ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশ লাইন্সে ৬২ জন পুলিশ সদস্যকে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক পদক প্রদান করা হয়। ছবিতে দেখা যাওয়া তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক—খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও ছিবগাত উল্লাহ—এবং উপ-মহাপুলিশ পরিদর্শক কাজী ফজলুল করিম তাদের পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মান লাভ করেন। ছবিটি কোনওভাবেই গোপন ছিল না; এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই গণমাধ্যমে সরবরাহ করা হয়।
আজতাক বাংলার আরও এক বিস্ময়কর দাবিতে বাংলাদেশের সেনাবাহিনীকেও জড়িয়ে মিথ্যাচার ছড়ানো হয়েছে। এসব মিথ্যা তথ্য ও বিকৃত উপস্থাপন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন চক্রান্তের অংশ, যা একেবারেই অগ্রহণযোগ্য ও জঘন্য অপপ্রচার।