রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী জহিরুল ইসলাম (৩৮), কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।
ডিবি সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) গভীর রাত দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি সফিকুল ইসলাম সুমন জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ইনচার্জ সফিকুল ইসলাম সুমন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো সাংগঠনিক তৎপরতা প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।