বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে তিন দিনের আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। অপর ছয়টি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করবে দলগুলো।
বিক্ষোভ শুরুর আগে রাজধানীর প্রেসক্লাব ও বায়তুল মোকাররম মসজিদের সামনে পৃথক ব্যানারে এই সাতটি দলের কার্যক্রম চলবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও নগর নেতারা বক্তব্য রাখবেন। জানা গেছে, মিছিলটি বায়তুল মোকাররম থেকে পুরানা পল্টন, প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ ঘেঁষে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
খেলাফত মজলিস আসরের নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন আমির মাওলানা মামুনুল হক।
একইভাবে, খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। এতে মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথি থাকবেন।
একই সময়ে একই স্থানে বাংলাদেশ খেলাফত আন্দোলনও মিছিল করবে। বিকেল ৪টায় একই এলাকায় অবস্থান নেবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। অন্যদিকে, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
উল্লেখ্য, সাত দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা আবার কেউবা সাত দফা দাবি জানিয়েছে। তবে তাদের মূল দাবি প্রায় অভিন্ন।
দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের দুই কক্ষেই (বা কারও মতে উচ্চকক্ষে) অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, অতীত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকর করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা।