শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
চীন-বাংলাদেশ মিডিয়া অংশীদারত্বে অনলাইন সাংবাদিকতার নতুন যাত্রা শুরু!
অনলাইন ডেস্ক
অনলাইন সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনে এবার হাত মিলিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার সিএমজি বাংলার কার্যালয়ে উৎসবমুখর আয়োজনে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাসান শরীফ ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমজির বাংলা বিভাগের সাংবাদিকবৃন্দ এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, “এখন প্রযুক্তির যুগ, আর অনলাইন সাংবাদিকতা তারই প্রধান মাধ্যম। এই সমঝোতা শুধু দুই সংগঠনের নয়, বরং চীন-বাংলাদেশ বন্ধুত্বের নতুন অধ্যায়।”
হাসান শরীফ বলেন, “এই চুক্তির ফলে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটনসহ চীনের নানা বিষয়ে কাজের সুযোগ তৈরি হবে। আমরা চায়নার ভেতরের দুনিয়া সম্পর্কে জানবো এবং সেটি বিশ্বকে জানাতে পারব।”
উন্মুক্ত আলোচনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, “চীন নিয়ে কাজের ক্ষেত্র বিশাল। কনটেন্ট, রিপোর্টিং, প্রযুক্তি—সবখানেই আছে অপার সম্ভাবনা। আমরা একসঙ্গে সামনে এগোতে চাই।”
অনুষ্ঠানে দুই দেশের সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ, রিপোর্টিং পুরস্কার প্রবর্তনের পাশাপাশি প্রযুক্তির বিনিময় ও সাংবাদিকতায় আধুনিকতার প্রসারে আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সহযোগিতা এক নতুন যুগের সূচনা করবে অনলাইন সাংবাদিকতার জগতে।