শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
চীনের কূটনৈতিক বার্তায় তিস্তা, রোহিঙ্গা ও নির্বাচন একসাথে!
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম সংস্থার আয়োজিত ডিক্যাব টকে এসব মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে একত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন। এর মূল লক্ষ্য—একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ প্রতিবেশী অঞ্চল গড়ে তোলা এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমতা সুরক্ষিত রাখা।
তিনি জোর দিয়ে বলেন, চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ সম্পূর্ণভাবে অর্থনৈতিক সমৃদ্ধিকে কেন্দ্র করে, এটি কোনো তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায়নি।
তিস্তা নদীর বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, এ প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা বাংলাদেশের।
আসন্ন নির্বাচন নিয়ে ইয়াও ওয়েন বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা অন্তর্বর্তী সরকার রাখে—এ ব্যাপারে চীনের পূর্ণ আস্থা রয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। এ ইস্যুতে চীন বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তবে রাখাইনের বর্তমান অবস্থা অনুকূল না হওয়ায় এখনই প্রত্যাবাসন কার্যকর নয়।
মাইলস্টোনে চীনা যুদ্ধবিমানের দুর্ঘটনা নিয়ে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং খুব দ্রুত কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।