শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
আকাশে আতঙ্ক! মাঝপথে ফিরে এলো ঢাকামুখী বিমান
অনলাইন ডেস্ক
যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে হঠাৎ ঘুরে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে—যা যাত্রীদের মাঝে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায়।
গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজি-১৪৮ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু যান্ত্রিক জটিলতা দেখা দেওয়ায় উড়োজাহাজটি ঘুরে গিয়ে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রামে নিরাপদে নামে।
বর্তমানে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর-৮ এ রাখা হয়েছে এবং সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্যে দেখা যায়, উড়োজাহাজটি উড়িরচর উপকূল পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে ঘুরে আসে। পুরো ঘটনায় আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হননি।