শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক বাতিলের রায়দাতা বিচারপতির নাটকীয় গ্রেপ্তার!
অনলাইন ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম “গণমাধ্যম”-কে জানিয়েছেন, সকাল ৮টার কিছু পর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ২০২৪ সালে শাহবাগ থানায় মামলা হয়, যেখানে অভিযোগ আনা হয় যে তিনি বিচারক হিসেবে ‘দুর্নীতি ও রাজনৈতিক বিদ্বেষ’ থেকে প্রভাবিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ‘জাল রায়’ দিয়েছিলেন।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যান তিনি।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান।
তার বিচারিক সময়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়ার মতো একাধিক সিদ্ধান্ত আসে। এর মধ্যে আছে: পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিল, ড. ইউনূসকে অপসারণের আদেশ বৈধতা, খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত লিভ টু আপিল খারিজ ও ‘দৈনিক আমার দেশ’ সম্পাদককে সাজা প্রদান।