রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গাজা উপত্যকিতে নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার ৩৫০-এ পৌঁছেছে। পাশাপাশি, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় ৯৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার চলমান ইসরাইলি হামলায় কমপক্ষে ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৩৪৪ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অব্যাহত এই হামলায় অন্তত ৯৯ হাজার ১৩ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫৫ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় লাগাতার বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া, ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন।