রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
চাঁদের অপেক্ষায় ঈদ! ২৭ মে জানুন কবে কোরবানি!
অনলাইন ডেস্ক
সৌদি আরবের সর্বোচ্চ আদালত আগামী মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে, যা আসন্ন হজ ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (২৫ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আদালত দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—যদি কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পান, তাহলে তারা যেন কাছাকাছি কোনো আদালতে গিয়ে সাক্ষ্য রেজিস্ট্রেশন করেন এবং বিষয়টি দাপ্তরিকভাবে নিশ্চিত করেন।
এ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার জন্য সরকারি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও এসব কমিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে চাঁদ দেখার কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবছর হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত। এবারের ক্ষেত্রে, যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে ১ জিলহজ হবে ২৮ মে, আর হজ শুরু হবে ৪ জুন থেকে, যা শেষ হবে ৯ জুন। সে অনুযায়ী, ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।
তবে যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১ জিলহজ শুরু হবে ২৯ মে। সে ক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার, ৭ জুন।
সবশেষে, সৌদি সরকারের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ীই ঈদ ও হজের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে—এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।