সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ছোটপর্দার দুই তারকা আরশ খান এবং তানিয়া বৃষ্টির মধ্যে একসময় বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের গুজবও ছড়িয়েছিল তাদের মাঝে। কিন্তু বর্তমানে তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, আরশের সঙ্গে তাদের সম্পর্কে অবনতি হওয়ার কারণ কী।
এক মাস আগে আরশ খান সম্পর্কে একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, “আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। তাই আমাদের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। আসলে আমরা ভাই-ব্রাদার টাইপের বন্ধু ছিলাম। আমাদের বাড়িও কাছাকাছি ছিল। সে সময় আমাদের অনেক কাজ হয়েছে। কিন্তু এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই বন্ধুত্বটা আর নেই।”
তানিয়া বৃষ্টির এই মন্তব্যে ক্ষুব্ধ হন আরশ খান। তানিয়া বৃষ্টির নাম উল্লেখ না করে তিনি ফেসবুকে লেখেন, “ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নেই। পুসি ক্যাটস এবং ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।”
আরশের এই পোস্টের পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি স্পষ্ট হয়ে ওঠে। এরপর থেকে তাদের একসঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবারও আরশ সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হন তানিয়া। যেখানে তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করতাম। ভালো সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা হয়। সেটাই চলছে। সে (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।”
আরশ কেন রেগে আছেন, তা ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, “এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন আমি বলেছিলাম, আমরা ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো। সে ভাই-ব্রাদার বিষয়টা কোট করেছে। আমি কেন ভাই-ব্রাদার বললাম, হয়তো সে কারণে রেগে আছে।”
তবে এসব নিয়ে রাগ মেনে না রাখতে আরশের প্রতি অনুরোধ জানান এই অভিনেত্রী, “আমি আরশকে বলতে চাই, আমি তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলিনি। তোর জন্মদিনেও আমি উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে এমন ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে রাগ করার কিছু নেই। এবং হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর।”