বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের বিক্ষোভের জেরে নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা রাস্তায় নেমে মিছিল করেন এবং মহাসড়ক অবরোধ করেন, ফলে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরানোর চেষ্টা করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
এদিকে, গাজীপুরের মৌচাকে শ্রমিকদের ওপর হামলার অভিযোগে আরেকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন, যার ফলে সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।