বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
দেশে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ডেঙ্গুর কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৩৮ জন, চট্টগ্রামে ৬০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন, দক্ষিণ সিটিতে ৬৪ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুরে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৪৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৪ শতাংশ নারী।
গত বছরের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ।