বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার পথে রওনা হন।
জাতিসংঘের সাধারণ অধিবেশন (UNGA)-এ অংশ নিতে তিনি কয়েকদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছিলেন। সফরকালে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন এবং একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।
এর আগে, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান সেদিন রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে তার সঙ্গে ছিলেন পাঁচ রাজনৈতিক নেতা— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।