বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শুধু নির্ধারিত ছয় ক্যালকুলেটরেই চলবে এইচএসসি পরীক্ষা!
অনলাইন ডেস্ক
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা এবার ছয়টি নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে—যা পরীক্ষায় প্রযুক্তিনির্ভর অসাধুতা রোধে এক নতুন দৃষ্টান্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এমন সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনুমোদিত ক্যালকুলেটরগুলো নন-প্রোগ্রামেবল হওয়ায় প্রশ্নপত্র ফাঁস বা উত্তর সংরক্ষণের মতো জটিলতা তৈরি হবে না।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক জরুরি স্মারকে এই তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত মডেলগুলো হলো – FX-100MS, FX-991ES, FX-570MS, FX-82MS, FX-991EX ও FX-991MS। এ ছাড়াও, শিক্ষার্থীরা চাইলে প্রচলিত সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে, তবে তা পরীক্ষাকেন্দ্রে কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনে ক্যালকুলেটরের মডেল পরীক্ষা করে দেখতে পারবেন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষার্থীদের অনুমোদিত মডেল ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ড ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন, চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।