রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
২০ লাখ লিটার জ্বালানি! ওমান সাগরে জব্দ বিদেশি ট্যাংকার!
অনলাইন ডেস্ক
জ্বালানি চোরাচালান রুখতে কড়া অবস্থান নিয়েছে ইরান। ওমান সাগরের বুকে টহলরত অবস্থায় জ্বালানিভর্তি একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার এ খবর নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ, জানিয়েছে গণমাধ্যম।
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারক মোজতাবা গাহরেমানি জানান, সন্দেহজনক নথি ও অনুমতিপত্রে গড়মিল থাকার জেরে ওমান সাগরে ধরা হয় ট্যাংকারটি। ওই জাহাজে ছিল বিশাল পরিমাণ জ্বালানি—প্রায় ২০ লাখ লিটার।
তিনি আরও বলেন, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ ১৭ জন নাবিককে হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় ও জাতীয়তা গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, আইনি তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এখনো চলছে প্রমাণ সংগ্রহ, নথি বিশ্লেষণ এবং জ্বালানির গুণমান ও পরিমাণ যাচাই-বাছাইয়ের কাজ।
এর আগেও উপসাগরে বিপ্লবী গার্ড বাহিনী তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার—‘সি রেঞ্জার’ ও ‘সালামা’ জব্দ করে, যেগুলোতে বহন করা হচ্ছিল ১৫ লাখ লিটার ডিজেল। সেসময় এসব জাহাজকে আইনি প্রক্রিয়ার জন্য স্থানান্তর করা হয়েছিল বুশেহর বন্দরে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই জাহাজগুলোতে ২৫ জন বিদেশি ক্রু ছিলেন। বিশ্লেষকদের মতে, ইরানের ভর্তুকিপ্রাপ্ত স্বল্পমূল্যের জ্বালানি চোরাচালানকারীদের জন্য অত্যন্ত লাভজনক, যা বারবার দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।