শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
রাতের রাস্তায় মৃত্যু ছুঁলো দুই বন্ধুর শেষ যাত্রা
অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবকের।
রোববার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-কাউনিয়া মহাসড়কের বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫) ও কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (২৭)। দুজনেই সংসারী ছিলেন।
নিহতদের পরিবার জানায়, সঞ্জয় ও বেলাল একসঙ্গে মোটরসাইকেলে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ আলী পরিবহনের একটি ঢাকাগামী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। পরে কাউনিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, সংঘর্ষের পর বাসটি উল্টে পাশের জমিতে পড়ে যায়, তবে বাসযাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী দুই যুবক। বাসটি জব্দ করা হয়েছে, এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
এদিকে ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। যেহেতু দুর্ঘটনাস্থল আমাদের থানার আওতায় নয়, তাই সংশ্লিষ্ট থানাই ব্যবস্থা নিচ্ছে।”