সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “গণতন্ত্রের সৌন্দর্য হলো, সবাই আমার পছন্দের কথা বলবে না। তাই আমাদের সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। যাঁরা সমালোচনা করেন, তাঁরাই আমাদের প্রকৃত বন্ধু; যাঁরা চুপ করে থাকেন, তাঁরা আসলে বন্ধু নন। আমরা সমালোচনাকে স্বাগত জানাই এবং উৎসাহিত করি।”
আজ শনিবার সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা জামায়াতের আমির শাহীনুর আলম এতে সভাপতিত্ব করেন।
সাংবাদিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “আপনারা সাড়ে ১৫ বছর স্বাধীন ছিলেন না। অনিচ্ছাকৃত হলেও আপনাদের কিছু দলগুলোর বিরুদ্ধে লেখালেখি করতে হয়েছে। তবে আল্লাহ আপনাদের কণ্ঠ মুক্ত করেছেন। অনুরোধ, এখন যেন আপনারা বিবেক অনুযায়ী দায়িত্ব পালন করেন।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের এখন বড় প্রয়োজন। মৌলিক ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দল নিজেদের অবস্থান থেকে রাজনীতি করবে এবং বর্তমান সরকারের প্রয়োজনীয় সমালোচনা করবে। একইসঙ্গে সরকারকে সঠিক সংস্কারের জন্য সহযোগিতাও দিতে হবে। ভারসাম্যপূর্ণ রাজনীতির মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে হবে।”
শফিকুর রহমান বলেন, “আমরা চাই, বাংলাদেশ মুক্তির পথে অগ্রসর হোক। কোনো অপশক্তি যদি আমাদের এই পথ থেকে সরাতে চায়, তাহলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তাদের প্রতিহত করবে ইনশা আল্লাহ।” তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামী সর্বাধিক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, আবু তালেব মণ্ডল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবদুস সামাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।